মৃত্যুর ক্ষতিপূরণেও কাটমানির অভিযোগ! তৃণমূলের চার নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
তৃণমূল জমানায় কাটমানি সংস্কৃতির আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল বুদবুদে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবকের পরিবারের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের টাকাতেও ভাগ বসানোর অভিযোগ উঠেছে চার তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে পঞ্চায়েতের উপপ্রধানের নামও রয়েছে। পালাবদলের পর মৃত যুবকের বাবা বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী অনিল বাউরির দাবি, ২০২৫ সালের ১৪ অক্টোবর মার্বেল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর ছেলে রানা বাউরি। এরপর কয়েকজন তৃণমূল নেতা তাঁদের বাড়িতে এসে বাড়ির মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ না করার পরামর্শ দেন। বদলে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে জানুয়ারি মাসে দেড় লক্ষ টাকা পরিবারের অ্যাকাউন্টে এলেও বাকি টাকা আর মেলেনি।
অনিলবাবুর অভিযোগ, বাকি দেড় লক্ষ টাকা চাইতে গেলে তাঁকে জানানো হয়, ওই টাকা তৃণমূল নেতারাই নিয়ে গিয়েছেন। পরে নেতাদের কাছে টাকা চাইতে গেলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এতদিন ভয়েই মুখ খোলেননি বলে জানিয়েছেন তিনি।
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের “কাটমানি সংস্কৃতির” প্রকৃত চেহারা সামনে এনে দিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।







