মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরাট হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিলেন কাজে ফাঁকি দিলেই ‘টার্মিনেশন’ করা হবে। বুধবার বিকেলে সমস্ত দপ্তরের সচিব এবং জেলা কর্তৃপক্ষকে নিয়ে ‘সমস্যায় সমাধান-জনসংযোগ’ কর্মসূচির বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাজের মূল্যায়নের ভিত্তিতে অফিসার এবং কর্মীদের সোজা ‘টার্মিনেট’ করার পথে হাঁটতেও তাঁর সরকার দ্বিধাগ্রস্ত হবেন না। কাজে ফাঁকি দিলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রাজ্য কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী রাজ্য সার্ভিস রুলেও পরিবর্তন আনতে চান।
তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করে একশ্রেণীর কর্মীর কাজ নিয়ে। সেই আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন,’কাজে ফাঁকি দিলে কাউকেই রেয়াত করা হবে না। সবাই এমন নন, তবে কিছু কর্মী অন্য কাজেই বেশি ব্যস্ত থাকেন। তাঁদের জন্য মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হলে বরদাস্ত করব না। এই ব্যাপারে আমি খুবই রাফ অ্যান্ড টাফ। কেউ রাজ্যের কাজে অসহযোগিতা করলে সেকশন ৫৬জে মোতাবেক সোজা টার্মিনেট করে দিন। তারপর আমি দেখে নেব।’
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। যদিও সংশ্লিষ্ট কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে রাজ্যের সঙ্গে অসহযোগিতার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।







