আবহাওয়া

প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গজুড়ে এখন একটাই ছবি—প্রখর রোদ, গুমোট আবহাওয়া আর অস্বস্তিকর ঘাম। সকাল থেকেই চড়া রোদে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তার উপর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত এই প্যাচপ্যাচে গরম থেকে মিলবে না বড় কোনও স্বস্তি।

বুধবার কলকাতার-র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরমের অস্বস্তি খুব একটা কমবে না বলেই মত আবহাওয়াবিদদের। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে অনেকটাই বেশি। ফলে অনুভূত তাপমাত্রা বাস্তবের তুলনায় কয়েক ডিগ্রি বেশি মনে হতে পারে।

এদিকে বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী হওয়ায় গরম থেকে দীর্ঘমেয়াদি স্বস্তি মিলবে না বলেই জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়াবিদদের মতে, সব কিছু ঠিক থাকলে চলতি বছর নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশ ঘটতে পারে। ফলে বাংলাতেও বর্ষার আগমনের অপেক্ষা এখন শুধু সময়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.