রাজনীতি

উত্তরবঙ্গে পৌঁছেই বড় বার্তা শুভেন্দুর, প্রতি মাসে সফরে এসে খতিয়ে দেখবেন উন্নয়ন কাজ

শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গের বাসিন্দাদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এখন থেকে প্রতি মাসেই উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি এবং এলাকার উন্নয়নমূলক কাজ সরেজমিনে পর্যালোচনা করবেন। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসে প্রশাসনিক কাজকর্ম দেখবেন। সেখানে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথাও শোনা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গে পৌঁছে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিজেপিকে জয়ী করার জন্য উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী।

এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সূত্রের খবর, বর্ষা আসন্ন হওয়ায় বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বন্যা, হড়পা বান, ভূমিধস এবং নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ এবং জমি ও বালি-পাথর মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বিষয়েও আলোচনা হতে পারে।

এদিন সকাল ১১টার কিছু পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর চত্বর ও সংলগ্ন রাস্তায় ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে বেরিয়ে উত্তরবঙ্গের মানুষকে হাতজোড় করে অভিবাদন জানান তিনি। বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য উত্তরবঙ্গবাসীকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর পাশে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুভেন্দু বলেন, “এখন থেকে প্রতি মাসেই মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা উত্তরবঙ্গে আসবেন। শুধুমাত্র সফরের জন্য নয়, কাজের উদ্দেশ্যেই এখানে আসা হবে। এছাড়া প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসে কাজ দেখবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.