মার্ক জ়ুকেরবার্গের সংস্থা Meta Platforms ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল। মোট কর্মীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক দিন আগেই আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বুধবার ভোর থেকে ধাপে ধাপে ইমেল পাঠিয়ে চাকরি যাওয়ার খবর জানানো হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি, সিঙ্গাপুরে বহু কর্মী স্থানীয় সময় ভোর ৪টেয় এই মেল পান।
সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, কর্মদক্ষতা বাড়ানো এবং এআই খাতে বিপুল বিনিয়োগের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মেটা যে প্রায় ৬,০০০ শূন্য পদে নিয়োগের পরিকল্পনা করেছিল, তাও আপাতত স্থগিত রাখা হয়েছে। সংস্থার ‘চিফ পিপল অফিসার’ জ্যানেল গেল জানিয়েছেন, আরও প্রায় ৭,০০০ কর্মীকে নতুন এআই-ভিত্তিক দলে স্থানান্তর করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই ছাঁটাইয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমে। পাশাপাশি, বছরের শেষ দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে এআই-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মেটা। চলতি বছরে এই খাতে ১২-১৪ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করেছে সংস্থাটি।
শুধু মেটাই নয়, প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। Cisco Systems, Microsoft, Amazon এবং Oracle Corporation-সহ একাধিক সংস্থাও সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে।







