নিজস্ব সংবাদদাতা: বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে সব রাজ্যকে জানানো হল যে পঞ্চায়েত স্তরে আর নগদে আর্থিক লেনদেন করা যাবে না। আর্থিক লেনদেন করতে হবে ইউপিআই এর মাধ্যমে বা অনলাইনে। কেন্দ্র অনুমান করছে যে এর ফলে পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে।
কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রকের তরফে গত ১৫ জুন সব রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছে, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশের সব পঞ্চায়েতের সবরকম লেনদেনে ইউপিআই ব্যবহার শুরু করতে হবে। কোনওরকম নগদে লেনদেন আর নয়। পঞ্চায়েত স্তরে এই অনলাইন লেনদেনের ব্যবস্থা চালু হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করতে হবে। উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের থাকতেই হবে। কোনও সার্ভিস প্রোভাইডারের কাছে পঞ্চায়েতগুলি অনলাইন লেনদেনের সুবিধা নিতে চাইলে সেটাও ১৫ জুলাইয়ের মধ্যে ঠিক করতে ফেলতে হবে। পঞ্চায়েতী রাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার জানান যে প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। এবার সেটা পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসতে হবে। এবার থেকে চেক এবং নগদে লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।







