সকাল সকাল ফের সক্রিয় হল ইডি। সোনা পাপ্পু জমি দুর্নীতি মামলায় কলকাতার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে ইডি। সেই সূত্র ধরেই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই অভিযান।
জানা গিয়েছে, শহরের অন্তত আট থেকে দশটি জায়গায় একযোগে তল্লাশি চলছে। পার্ক স্ট্রিট, বালিগঞ্জ ও ভবানীপুরে পৌঁছেছে ইডির বিভিন্ন টিম। ভবানীপুরের আশু বিশ্বাস রোডে প্রোমোটার অতুল কাঠারিয়ার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে দাবি, অতুল কাঠারিয়ার সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ ছিল।
এছাড়াও, বালিগঞ্জ প্লেসের একটি অভিজাত বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। অন্যদিকে, রয়েড স্ট্রিটের একটি ক্যাফেতেও পৌঁছেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নিউটাউনের CRPF ক্যাম্প থেকে অতিরিক্ত জওয়ানও আনা হয়েছে এবং তাঁদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।
কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতেও তল্লাশি শুরু করেছে ইডি। জমি সংক্রান্ত মামলায় বর্তমানে ইডির হেফাজতে থাকা কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতেও অভিযান চলছে।
কেন এই তল্লাশি?
ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের সময় কালো টাকা সাদা করার একাধিক তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন সংস্থার মাধ্যমে বেআইনি টাকা লেনদেন করা হয়েছে এবং সেই অর্থ প্রভাবশালীদের কাছেও পৌঁছেছিল। পরে সেই টাকাই বিভিন্ন ব্যবসা ও সংস্থায় বিনিয়োগ করা হয় বলেও অভিযোগ। এই তথ্যের ভিত্তিতেই একাধিক জায়গায় অভিযান শুরু করেছে ইডি।
উল্লেখ্য, গত ১৮ মে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ ও দুষ্কৃতী কার্যকলাপের মতো একাধিক অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে তাঁর খোঁজ চলছিল। একাধিকবার তলব করা হলেও তিনি অধরা ছিলেন। অবশেষে নিজে ইডি দফতরে হাজির হলে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।







