জেলা

বারুইপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা! দলেরই নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ, আটক কয়েকজন

বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়ায় বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। দলীয় কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর বিষয়, ঘটনার নেপথ্যে বিজেপিরই স্থানীয় এক নেতার নাম জড়িয়েছে। পরিবারের অভিযোগ, ওই নেতার পরিকল্পনাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে হামলা চালানো হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ।

নিহত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, অতীতে রাজনৈতিক কারণে তাঁকে দীর্ঘ সময় বাড়িছাড়া থাকতে হয়েছিল। সম্প্রতি পরিস্থিতি বদলানোর পর এলাকায় ফিরে দোকানও খুলেছিলেন তিনি।

পরিবারের দাবি, রবিবার রাতে ফোন করে বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর মাঝরাস্তায় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দলেরই স্থানীয় নেতা সুজন মণ্ডলের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। তাঁদের দাবি, সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বিজেপি কর্মীরা।

তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। পুলিশের দাবি, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা এবং পরে মারামারি হয়। সেই সংঘর্ষেই গুরুতর জখম হন বাপি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ইতিমধ্যেই নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক সংঘর্ষ, নাকি পুজো কমিটি নিয়ে বিবাদ—বাপির মৃত্যুর আসল কারণ কী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.