হরিয়ানার কুরুক্ষেত্রে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর তাঁর পেট কেটে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ বের করে একটি ব্যাগে ভরার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সেই সময় ঘটনাটি দেখে ফেলেন বাড়িওলা। তাঁকে দেখে পালাতে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দেন অভিযুক্ত মহিলা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের নাম রাজেশ। কুরুক্ষেত্রে স্ত্রী বিমলা দেবীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। প্রায় এক বছর ধরে ওই বাড়িতে ছিলেন দম্পতি। বাড়িওলার দাবি, তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঝাড়ফুঁক ও বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস নিয়ে দম্পতির মধ্যে বচসা হত বলেও জানা গিয়েছে।
ঘটনার দিন বিকেলেও তাঁদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আওয়াজ শুনে সন্দেহ হওয়ায় ছাদে গিয়ে বাড়িওলা ঘরের দিকে তাকান। তখনই ভয়াবহ দৃশ্য তাঁর চোখে পড়ে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রাজেশ। তাঁর পেটে গভীর ক্ষত ছিল এবং স্ত্রী বিমলা শরীর থেকে কিছু অংশ বের করার চেষ্টা করছিলেন বলে দাবি বাড়িওলার।
বাড়িওলাকে দেখতে পেয়েই বিমলা পালানোর চেষ্টা করেন। এরপর ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আপাতত চিকিৎসার পাশাপাশি তাঁর কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে রাজেশের পেটে প্রায় ৩৫ সেন্টিমিটার ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। শরীরের কিছু অঙ্গের অংশ নিখোঁজ বলেও তদন্তে উঠে এসেছে। সেগুলি কোথায় গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কেন এই নৃশংস হত্যাকাণ্ড? স্বামীকে খুনের নেপথ্যে কী কারণ ছিল? এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি। অভিযুক্তের বয়ান, ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।







