বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়—যে স্বপ্ন পূরণ করতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন পর্বতারোহীরা। কিন্তু সেই স্বপ্নপূরণের পরই নেমে এল চরম ট্র্যাজেডি। মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করার পর ফেরার পথেই মৃত্যু হল দুই ভারতীয় পর্বতারোহী, অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরের।
নেপালের পর্যটন ও পর্বতারোহণ মহলের তরফে শুক্রবার এই দুঃখজনক খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, দু’জনেই সফলভাবে এভারেস্ট জয় করেছিলেন। কিন্তু মৃত্যুফাঁদ হয়ে উঠল শিখর থেকে নামার সেই কঠিন পথ।
নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারীর বক্তব্য অনুযায়ী, সন্দীপ আরে বুধবার এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অন্যদিকে অরুণ কুমার তিওয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিখর স্পর্শ করেন। তবে নামার সময়ই আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁদের।
সূত্রের খবর, অতিরিক্ত ক্লান্তি, অক্সিজেনের ঘাটতি এবং প্রতিকূল আবহাওয়ার জেরে দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। সন্দীপ আরে ‘ব্যালকনি’ এলাকা থেকে সাউথ কোলের দিকে নামার সময় ভেঙে পড়েন। তাঁর সঙ্গে থাকা শেরপারা রাতভর উদ্ধারের চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি।
অন্যদিকে, অরুণ কুমার তিওয়ারি হিলারি স্টেপের কাছে এসে কার্যত অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিচে নামিয়ে আনার জন্য দুই শেরপা গাইড মরিয়া চেষ্টা চালান। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। ঠিক কখন তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই ঘটনার পর চলতি মরশুমে এভারেস্ট অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। এর আগে আরও তিন নেপালি পর্বতারোহীর মৃত্যু হয়েছিল।
বিশ্বের ছাদে ওঠার স্বপ্ন যতটা রোমাঞ্চকর, বাস্তবে তার প্রত্যাবর্তনের পথ ততটাই ভয়ঙ্কর। এভারেস্ট আবারও মনে করিয়ে দিল—শিখর জয়ই শেষ কথা নয়, নিরাপদে ফিরে আসাটাই আসল লড়াই।







