জীবনের কিছু মাস ক্যালেন্ডারে শুধু তারিখ হয়ে থাকে না, থেকে যায় গভীর ক্ষতের স্মৃতি হয়ে। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়-এর কাছে মে মাসটা ঠিক তেমনই। ২১ বছর আগে এই মাসেই বাবাকে হারিয়েছিলেন তিনি। আর এবার, সেই একই মে মাসেই চলে গেলেন তাঁর মা শমিতা বন্দ্যোপাধ্যায়।
গত ২০ মে, ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাস্করের মা। অভিনেতার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই প্রথম এই দুঃসংবাদ সামনে আসে। ২২ মে মায়ের সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করে তিনি শুধু লেখেন, “মা চলে গেল…”। কয়েকটি শব্দেই যেন ধরা পড়ে এক সন্তানের অসীম শূন্যতা।
জানা গিয়েছে, বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন শমিতা দেবী। তবে পরিস্থিতি এতটা গুরুতর হবে, তা কেউ ভাবেননি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই নিজের বাড়িতে শেষ সময় কাটান তিনি। ২০ মে বিকেলে ঘুমের মধ্যেই শান্তভাবে মৃত্যু হয় তাঁর।
সংবাদমাধ্যমকে ভাস্কর জানান, পুজোর পর থেকেই মায়ের শরীর একটু খারাপ যাচ্ছিল। কিন্তু বড় কোনও আশঙ্কা ছিল না। বিকেল পাঁচটা নাগাদ আচমকাই সব শেষ হয়ে যায়।
তবে এই মৃত্যু যেন আরও এক পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনল অভিনেতার জীবনে। কারণ, ঠিক ২১ বছর আগে মে মাসেই বাবাকেও হারিয়েছিলেন তিনি। বাবার মৃত্যু হয়েছিল ১৮ মে, আর মায়ের ২০ মে। আশ্চর্যের বিষয়, তাঁদের বিয়েও হয়েছিল মে মাসেই—৪ মে। ফলে একই মাস যেন ভাস্করের জীবনে আনন্দ আর শোক—দুই চরম অনুভূতির সাক্ষী হয়ে রইল।
অভিনেতার পোস্ট সামনে আসতেই টলিপাড়ার বহু পরিচিত মুখ তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ সমবেদনা জানিয়েছেন, কেউ আবার তাঁকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল ভাস্করকে। তবে সহ-অভিনেতা রাহুলের মৃত্যুর পর ধারাবাহিকটি আচমকাই বন্ধ হয়ে যায়। এরপর শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ হারানোর সমস্যা নিয়েও সরব হয়েছিলেন তিনি। আর তার মধ্যেই ব্যক্তিগত জীবনে নেমে এল আরও বড় শোকের ছায়া।







