রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব পড়ার সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উক্ত ঘুর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগনাতে। দুই জেলায় ১১০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। যার জেরে আগামীকাল সকাল থেকে নবান্নে থাকার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে মুখ্যসচিব-সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বদের।
দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকালই বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বদিকে পৌঁছে যাওয়ার কথা ছিল নিম্নচাপটির। আজকের মধ্যে সেটার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৫ অক্টোবরের মধ্যেই ঘূর্ণিঝড়টি বাংলা থেকে বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। স্থলভাগে প্রবেশকালে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার।
সিত্রাং-এর মোকাবিলায় চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের।







