বেঙ্গালুরু সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়ের রুট থেকে বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় এবার কঠোর পদক্ষেপ করল প্রশাসন। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বেঙ্গালুরুর পুলিশ সুপারের নির্দেশে ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে বলে জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১০ মে। সেদিন বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছে মোদির যাত্রাপথে সন্দেহজনক কিছু থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায়, একটি ফোনকলের ভিত্তিতেই অভিযান চালানো হয়। পরে রাস্তার ধারে উদ্ধার হয় দুটি জিলেটিন স্টিক। প্রধানমন্ত্রীর কনভয় রুটে বিস্ফোরক মেলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে জারি করা হয় হাই অ্যালার্ট। উল্লেখযোগ্যভাবে, যেখানে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেখান থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব ছিল মাত্র ৩ কিলোমিটার।
এই ঘটনাকে কেন্দ্র করে কর্নাটকের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি ও বিধায়ক বি ওয়াই বিজয়েন্দ্র একে ‘গুরুতর নিরাপত্তা ত্রুটি’ বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কর্নাট্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।







