নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে বলে বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (এসএটি) থেকে শুরু হয়ে কলকাতা হাই কোর্ট হয়ে এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। গত ৮ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ।
এর আগে এই মামলায় রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যকে ছ’সপ্তাহ সময় দেওয়া হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সরকার তা পরিশোধ করতে পারেনি। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে আরও ছ’মাস সময় চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ৪ অগস্ট থেকে ৭ অগস্ট পর্যন্ত টানা শুনানি চলে বিচারপতি কারোল ও বিচারপতি মিশ্রের বেঞ্চে।
এরপর গত ১২ অগস্ট মামলার শুনানি পিছিয়ে যায়। সূত্রের খবর, ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত মামলায় ব্যস্ত থাকায় শুনানি সম্ভব হয়নি। পরে সেপ্টেম্বর মাসে ফের শুনানি হয়।
এই মামলার সূত্রপাত কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিকে ঘিরে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দেয়। হাই কোর্ট স্পষ্ট জানায়, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার এবং তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্য। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
শীর্ষ আদালতে রাজ্যের যুক্তি, মহার্ঘ ভাতা কোনও বাধ্যতামূলক বিষয় নয় এবং এটি কর্মীদের মৌলিক অধিকার হিসেবেও গণ্য করা যায় না। রাজ্যের আর্থিক কাঠামো কেন্দ্রের থেকে আলাদা হওয়ায় কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয় বলেও দাবি করা হয়। পাশাপাশি রাজ্য সরকার জানায়, আর্থিক সঙ্কটের কারণে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ-র জন্য কোনও বরাদ্দ রাখা সম্ভব হয়নি।
এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও জানায় রাজ্য। বৃহস্পতিবার সকালে সেই আবেদন সহ ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ ও রাজ্যের আর্থিক অবস্থার উপর এই রায়ের প্রভাব পড়তে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।







