মার্কিন নিষেধাজ্ঞার চাপে কার্যত বিপর্যস্ত কিউবার অর্থনীতি। কমিউনিস্ট শাসিত দেশটিতে খাদ্য ও জ্বালানির তীব্র সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই কঠিন পরিস্থিতিতে কিউবার পাশে দাঁড়িয়েছে চিন। শনিবার বেজিংয়ের তরফে ১৫ হাজার টন খাদ্যশস্য নিয়ে একটি জাহাজ হাভানা বন্দরে পৌঁছেছে। জানা গিয়েছে, ধাপে ধাপে আরও ৪৫ হাজার টন খাদ্যসামগ্রী পাঠানো হবে কিউবায়। এর ফলে খাদ্যসংকটে ভোগা প্রায় ৯৬ লক্ষ মানুষের কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কিউবার উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এর জেরে দেশটিতে জ্বালানির অভাব, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্যসংকট ভয়াবহ আকার নিয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য কিউবার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থাকে দুর্বল করা বলেই মনে করা হচ্ছে। তবে অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে কিউবার বিপ্লবী নেতা রাউল গিলারমো রদ্রিগেজ কাস্ত্রোর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন বিচারবিভাগ। ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কাস্ত্রোকেও টার্গেট করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে কিউবাকে সহায়তা করতে মোট ৬০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর ঘোষণা করেছে চিন। জানা গিয়েছে, চিনের সাধারণ নাগরিকরাই স্বেচ্ছায় এই খাদ্যসামগ্রী দান করেছেন। শনিবার প্রথম দফায় ১৫ হাজার টন চাল নিয়ে চিনের জাহাজ হাভানায় পৌঁছলে কিউবার মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা সেখানকার প্রতিনিধিদের অভ্যর্থনা জানান। পরে এই খাদ্যসামগ্রী দেশের বিভিন্ন প্রদেশে বণ্টন করা হবে বলে জানানো হয়েছে।
চিনের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি বলেন, কিউবা ও চিন পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। চিনের সরকার, কমিউনিস্ট পার্টি এবং সাধারণ মানুষের পাঠানো এই খাদ্যসাহায্য কিউবার জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের এই সময়ে চিনের পাশে থাকার ভূমিকাকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।







