বিনোদন

‘চক দে ইন্ডিয়া’-র অভিনেতা রমাকান্ত দয়ামার প্রয়াণে শোকের ছায়া, আবেগঘন পোস্ট সহকর্মীর

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ার পরিচিত অভিনেতা রমাকান্ত দয়ামা আর নেই। ২৬ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুসংবাদে শোকস্তব্ধ অনুরাগী থেকে শুরু করে বিনোদন জগতের সহকর্মীরাও। রুপোলি পর্দায় তাঁর অবদান স্মরণ করে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী শুভাঙ্গি লাটকর। আবেগভরা একটি পোস্টে পুরনো স্মৃতি ভাগ করে নিয়ে তিনি প্রিয় বন্ধুর প্রয়াণের কথা জানান।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে রমাকান্ত দয়ামাকে বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা, গান এবং নাচে মেতে থাকতে দেখা যায়। শেষ সময় পর্যন্ত তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব যে অটুট ছিল, সেই ঝলকই ধরা পড়ে ভিডিওতে।

ভিডিওর ক্যাপশনে শুভাঙ্গি লেখেন, “আজ আমরা এক অত্যন্ত পবিত্র আত্মাকে হারালাম… আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। রমাকান্ত দয়ামা শুধু আমার বন্ধু ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দিতাম। প্রাণশক্তি, উষ্ণতা আর জীবনের প্রতি অসীম ভালোবাসায় ভরপুর ছিলেন তিনি। জীবনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কীভাবে হাসিমুখে বাঁচতে হয়, তা তিনি জানতেন। অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি দারুণ নাচতেন ও হৃদয়ছোঁয়া গান গাইতেন। আমার কাছে তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান পথপ্রদর্শক।”

তিনি আরও লেখেন, “শরীরের গঠনে ছোটখাটো হলেও মানসিকভাবে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় ও সাহসী। আমরা জানতাম তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, তবুও মনে আশা ছিল সব ঠিক হয়ে যাবে। একসঙ্গে আরও অনেক কাজ করার পরিকল্পনা ছিল আমাদের। বহু বছর পর আবার একসঙ্গে একটি হিন্দি নাটকে অভিনয়ের কথাও হয়েছিল। আমি অনুরোধ করতেই তিনি হেসে বলেছিলেন, ‘আগে একটু সুস্থ হয়ে উঠি।’ এমনকি মঞ্চে একসঙ্গে কবিতা পাঠের পরিকল্পনাও করেছিলাম। সেই ইচ্ছেগুলো আর পূরণ হল না…”

পোস্টের শেষে শুভাঙ্গি লেখেন, “কিছু শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আজ ঠিক তেমনই এক দিন। আপনাকে খুব মিস করব রমাকান্তজি। আপনার সাহস, আন্তরিকতা, শিল্পীসত্তা এবং সুন্দর মন আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। আপনার আত্মার শান্তি কামনা করি।”

এই পোস্ট সামনে আসার পর থেকেই অনুরাগীরা শোকবার্তায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া। কেউ লেখেন, “খবরটা শুনে খুব কষ্ট পেলাম। ওম শান্তি।” আবার কেউ মন্তব্য করেন, “বিশ্বাসই করতে পারছি না।” অন্য একজন লেখেন, “তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ ছিলেন—প্রতিভাবান, প্রাণবন্ত এবং একজন প্রকৃত বন্ধু।”

তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে রমাকান্ত দয়ামার প্রয়াণ যে বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, তা মনে করছেন সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.