সম্পর্কের প্রতি মানুষের বিশ্বাস কি ক্রমেই কমছে? একটি সাম্প্রতিক সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে। গ্লোবাল ডেটিং প্ল্যাটফর্ম অ্যাশলি ম্যাডিসনের জুন মাসের রিপোর্ট অনুযায়ী, ভারতের ছোটো এবং মধ্যবিত্ত শহরগুলিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে দক্ষিণ ভারতের ছোটো শহর কাঞ্চিপুরম থেকে। মাত্র এক বছরে ১৭তম স্থান থেকে উঠে এসে এই শহরটি এখন দেশের মধ্যে পরকীয়ায় শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, গত বছর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুম্বই এবারে প্রথম ২০-এর মধ্যেও জায়গা পায়নি।
জয়পুর, রায়গড়, কামরূপ ও চণ্ডীগড়ের মতো শহরেও পরকীয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যবিত্ত শ্রেণির ব্যক্তিরা সামাজিক ও পারিবারিক চাপে আবদ্ধ হয়ে ব্যক্তিগত মুক্তির খোঁজে এ ধরনের সম্পর্কে জড়াচ্ছেন। সমীক্ষায় অংশগ্রহণকারী ৫৩ শতাংশ ভারতীয় স্বীকার করেছেন যে তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। এই প্রবণতা মূলত মধ্যবিত্ত সমাজে বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে, মুম্বই ও দিল্লির মতো বড়ো শহরগুলিতে সম্পর্কের ধরন বদলেছে। ডেটিং অ্যাপের বাইরেও মানুষ নতুনভাবে সম্পর্ক গড়ে তুলছেন, ফলে অ্যাপ নির্ভরতা কমেছে এবং পরকীয়ার হারেও পতন ঘটেছে।
রিপোর্টে শুধুমাত্র সাইন-আপ নয়, ব্যবহারকারীর সক্রিয়তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে, বড়ো শহরে ব্যবহারকারীর সংখ্যা বেশি হলেও আলাপচারিতা তুলনামূলকভাবে কম। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় কলকাতার নাম নেই। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা বাতিল হওয়ার পর সমাজের চোখে পরকীয়ার প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে। এই প্রবণতা সম্পর্কের সংজ্ঞাকেই যেন নতুনভাবে ভাবতে বাধ্য করছে।







