ইউরোপের ছোট্ট দেশ লাটভিয়া এখন এক অদ্ভুত সামাজিক সমস্যার কারণে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। দেশটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা এতটাই কমে গিয়েছে যে বহু নারী মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না। আর সেই কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে এক অভিনব পরিষেবা— ‘ওয়ান আওয়ার হাজব্যান্ড’ বা ঘণ্টা চুক্তিতে স্বামী ভাড়া।
শুনতে অবাক লাগলেও, বাস্তবে এই পরিষেবা এখন লাটভিয়ার শহরাঞ্চলে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। রাজধানী রিগাসহ বিভিন্ন জায়গায় এমন সংস্থাও তৈরি হয়েছে যারা নির্দিষ্ট সময়ের জন্য পুরুষ কর্মী পাঠাচ্ছে বাড়ির টুকিটাকি কাজ সামলাতে।
কেন তৈরি হলো এই পরিস্থিতি?
পরিসংখ্যান বলছে, লাটভিয়ায় প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ রয়েছেন মাত্র ৮৪ থেকে ৮৫ জন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে একাধিক সামাজিক কারণ।
অতিরিক্ত মদ্যপান, ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে দেশটিতে পুরুষদের অকাল মৃত্যুর হার অনেক বেশি। পাশাপাশি আত্মহত্যার ঘটনাতেও পুরুষদের সংখ্যাই বেশি। ফলে নারীদের তুলনায় পুরুষদের গড় আয়ু প্রায় ১০ বছর কম।
অন্যদিকে, লাটভিয়ার নারীরা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত ও কর্মজীবনে প্রতিষ্ঠিত। অনেক তরুণ পুরুষ আবার কাজের খোঁজে বিদেশে চলে যাওয়ায় দেশে উপযুক্ত সঙ্গীর অভাব আরও প্রকট হয়েছে।
কী এই ‘ওয়ান আওয়ার হাজব্যান্ড’ পরিষেবা?
এই পরিষেবায় কোনও রোমান্টিক সম্পর্কের বিষয় নেই। বরং বাড়ির দরকারি কাজ করতেই নির্দিষ্ট সময়ের জন্য পুরুষ কর্মী ভাড়া করা হয়। প্লাম্বিং, টিভি বসানো, আসবাবপত্র মেরামত, বৈদ্যুতিক কাজ কিংবা ভারী জিনিস সরানোর মতো কাজ কয়েক ঘণ্টার মধ্যেই করে দেন তাঁরা।
ফোন বা অনলাইনে বুকিং করলেই নির্দিষ্ট সময়ে কর্মী পৌঁছে যান বাড়িতে। কাজ শেষ হলে পারিশ্রমিক নিয়ে ফিরে যান। ব্যস্ত জীবনযাপন ও একাকীত্বের মধ্যে এই পরিষেবাই এখন অনেক নারীর ভরসা হয়ে উঠেছে।
সমাজে কী প্রভাব পড়ছে?
সমাজবিজ্ঞানীদের মতে, এই প্রবণতা শুধু পুরুষের সংকটই নয়, বরং বদলে যাওয়া সামাজিক কাঠামোরও ইঙ্গিত দিচ্ছে। লাটভিয়ার বহু নারী এখন বিয়ের চেয়ে নিজের ক্যারিয়ার, স্বাধীনতা এবং আত্মনির্ভর জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
তবে বাস্তবতা হলো— মনের মতো জীবনসঙ্গীর খোঁজ এখনও থামেনি। আর সেই অপেক্ষার মাঝেই ‘এক ঘণ্টার স্বামী’ পরিষেবা লাটভিয়ার নারীদের জীবনে এক অদ্ভুত কিন্তু কার্যকর সমাধান হয়ে উঠেছে।







