তীব্র গরমে বাজারে আম, তরমুজের পাশাপাশি লিচুর চাহিদাও থাকে তুঙ্গে। রসালো ও সুস্বাদু এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লিচু খাওয়া শরীরের জন্য বিপজ্জনকও হতে পারে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের দাবি, লিচুতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে। বিশেষ করে খালি পেটে বেশি লিচু খেলে দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি বা মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত লিচু খাওয়ার ফলে পেট ব্যথা, গ্যাস, অম্বল, ডায়েরিয়া এবং ত্বকে অ্যালার্জির ঝুঁকিও বাড়ে।
চিকিৎসকদের পরামর্শ, একজন সুস্থ ব্যক্তি দিনে ৮ থেকে ১০টির বেশি লিচু না খাওয়াই ভালো। খাওয়ার আগে লিচু ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কখনও খালি পেটে লিচু খাওয়া উচিত নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ফ্রিজে রাখা ঠান্ডা লিচু সরাসরি না খেয়ে কিছুক্ষণ বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই খাওয়া ভালো।
ডায়াবেটিস, লো ব্লাড সুগার, অ্যালার্জি বা হজমের সমস্যায় ভোগা ব্যক্তিদের লিচু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই গরমে লিচুর স্বাদ উপভোগ করুন, তবে পরিমিত পরিমাণে।







