সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন মানেই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তৎপরতা চোখে পড়ার মতো। প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগে এলাকায় দলীয় সংগঠন চাঙ্গা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তিনি। রবিবার নলহাটিতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ আলোচনা সভা। মূলত উন্নয়নমূলক কাজের পর্যালোচনা এবং আসন্ন নির্বাচনের রণকৌশল স্থির করতেই এই সভার আয়োজন বলে জানা গিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ একাধিক নেতৃবৃন্দ। সূত্রের খবর, এই সভায় নলহাটি, রামপুরহাট, মুরারই, হাসন ও ময়ূরেশ্বর—এই পাঁচটি বিধানসভার তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল স্পষ্ট বার্তা দেন—ভোটের আগে প্রত্যেকটি বুথে পৌঁছাতে হবে, উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।
বৈঠকে কর্মীদের মনোবল বাড়াতে অনুব্রত মণ্ডল বলেন, “বীরভূমে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছনোই এখন প্রধান লক্ষ্য।” ভোটের আগে অঞ্চলভিত্তিক কর্মসূচির রূপরেখাও স্থির করা হয়েছে এই সভায়।
বলাই বাহুল্য, ফের নিজের ছন্দে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাঁর এই ময়দানি উপস্থিতি ভোটের আগে বীরভূমের রাজনীতিতে যে নতুন উত্তাপ তৈরি করবে, তা বলাই যায়।







