প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া হুঁশিয়ারির পরই ফের উত্তপ্ত সীমান্ত। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টর ও পাঞ্জাবের জলন্ধর-সহ একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। সেনা সূত্রে খবর, দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় সেনা সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করে দেয়। এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। যদিও সেনার তরফে জানানো হয়েছে, আতঙ্কের কোনও কারণ নেই।
রবিবার প্রধানমন্ত্রী মোদি পহেলগাঁও হামলা ও অপারেশন সিদুঁর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, “ভারতের উপর আক্রমণ মানেই কঠিন জবাব। এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত।” তার কিছু সময়ের মধ্যেই জম্মুর সাম্বা সেক্টরে একের পর এক ড্রোনের গতিবিধি ধরা পড়ে। একইভাবে পাঞ্জাবের জলন্ধর, উধমপুরে সেনা স্থাপনার কাছে ঘোরাফেরা করতে দেখা যায় প্রায় ১৫টি ড্রোন।
জলন্ধরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ড্রোন চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে কিছু জায়গায়। তবে সেনা জানাচ্ছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, মোদি স্পষ্ট জানিয়েছেন, “সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান যদি শান্তি চায়, তাদের সন্ত্রাসবাদ নির্মূল করতেই হবে। এবার কথা হলে, সেটা হবে পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে।”
সীমান্তে ফের উত্তেজনার আবহে গোটা দেশ নজর রাখছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। ভারতের অবস্থান স্পষ্ট—সন্ত্রাসের জবাব এবার কড়া ও সরাসরি।







