জেলা

মদনমোহনের পুজো দিয়ে কোচবিহারের উন্নয়নের রূপরেখা, বিমানবন্দর নিয়েও বড় বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোচবিহারে গেলেন শুভেন্দু অধিকারী। সফরে গিয়ে কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহারের সামগ্রিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জেলার বিমানবন্দর নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন তিনি। জানান, কোচবিহারকে ঘিরে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে এবং জেলা প্রশাসনের তরফেও ইতিমধ্যে সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

বর্তমানে বাগডোগরা বিমানবন্দরই উত্তরবঙ্গের অন্যতম প্রধান বিমান যোগাযোগের কেন্দ্র। অথচ কোচবিহারে বিমানবন্দর তৈরির জন্য জমি থাকা সত্ত্বেও এখনও সেখানে পূর্ণাঙ্গ বিমান পরিষেবা গড়ে ওঠেনি। এই প্রসঙ্গেই মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাঁর কথায়, “কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রীর সঙ্গে কিছু আলোচনা করেছি। এতে কোচবিহার থাকছে।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কোচবিহারে বিমানবন্দর নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

কোচবিহারের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে সময়সীমার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি ৯ মে শপথ নিয়েছি। আমায় ৯ মে ২০২৭ সাল পর্যন্ত অর্থাৎ ১ বছর সময় দিতে হবে।” পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, ওই দফতরের মাধ্যমে কোচবিহার জেলায় ইতিমধ্যেই একাধিক কাজ করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের আওতাতেও জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বলে জানান তিনি।

কোচবিহারের পর্যটন সম্ভাবনা নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের একশৃঙ্গ গণ্ডার বিশ্বজুড়ে পরিচিত। তাই কোচবিহারে পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। তাঁর মতে, প্রকৃতি উপভোগ করতে আসা পর্যটক এবং ধর্মীয় স্থান দর্শনে আসা পর্যটক—দুই ধরনের পর্যটককেই কোচবিহারে টানার উদ্যোগ নিতে হবে।

এই লক্ষ্য পূরণে রেল যোগাযোগ, বিমান পরিষেবা, বাস পরিষেবা এবং পর্যটকদের রাত্রিবাসের জন্য উন্নতমানের গেস্ট হাউস তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই পরিকাঠামোগুলি গড়ে উঠলে আগামী দিনে কোচবিহার একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.