কলকাতা

সাতসকালে বরানগরে আতঙ্ক: ট্রাম ডিপোর কর্মীকে লক্ষ্য করে গুলি, বরাত জোরে রক্ষা

ফের গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বরানগর এলাকায়। শুক্রবার সকালে এক ট্রাম ডিপোর কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলেও, তিনি বরাতজোরে প্রাণে বেঁচে গেছেন। তবে গুলির বারুদে সামান্য আহত হয়েছেন ওই ব্যক্তি। ঘটনার পরই আততায়ীরা বাইকে করে চম্পট দিয়েছে। খবর পেয়ে দ্রুত তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ।

আহত ওই ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা এবং পেশায় ট্রাম ডিপোর কর্মী।শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বিকাশবাবু তাঁর বাড়ির আবর্জনা ফেলতে বেরিয়েছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ই হেলমেট পরা দুই দুষ্কৃতী মোটর বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বিকাশবাবু রাস্তা উপর পড়ে যাওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে গুলির বারুদের আঘাত লেগে তিনি সামান্য আহত হয়েছেন।হামলাকারীরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়েই বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।কিন্তু কেন এই হামলা? পুরনো ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে, তা নিয়ে তদন্তকারীরা ধোঁয়াশায়।
স্থানীয় বাসিন্দারা বিকাশবাবু সম্পর্কে ভালো কথাই বলেছেন। এক বাসিন্দা শান্তনু মজুমদার বলেন, “এই মানুষটা কোনোদিন কোনো ঝামেলায় জড়াননি। তাঁর শত্রু থাকতে পারে বলে মনে হয় না। পুলিশ তদন্ত করছে।” স্থানীয় তৃণমূল নেতা শুভাশিস কর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.