নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে দেশজুড়ে ক্ষোভের আবহের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন আরও জোরদার করার ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ঘোষণা করেছেন, আগামী ৬ জুন তিনি ভারতে এসে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবেন।
সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় বোস্টন-প্রবাসী অভিজিৎ জানান, নিট প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে আন্দোলন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
‘ককরোচ জনতা পার্টি’ নামটি নিয়েও ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানির সময় ‘ককরোচ’ শব্দকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকেই এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের জন্ম। অভিজিৎ দাবি করেন, সেই শব্দকেই তিনি যুবসমাজের প্রতিবাদ ও জবাবদিহির প্রতীকে পরিণত করেছেন।
অভিজিতের বক্তব্য, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে একটি অনলাইন পিটিশনে ইতিমধ্যেই ৮ লক্ষেরও বেশি মানুষ সমর্থন জানিয়েছেন। তাঁর অভিযোগ, নিট, সিবিএসই এবং সিইউইটি-সহ একাধিক জাতীয় স্তরের পরীক্ষায় অব্যবস্থার কারণে কোটি কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি জানান, দিল্লি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি হবে এবং আন্দোলন সম্পূর্ণ অহিংস থাকবে। সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কা উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন, “এটা কোনও রাজনৈতিক দলের লড়াই নয়, দেশের ভবিষ্যতের প্রশ্ন। অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আওয়াজ তোলা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।”
উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। আগামী ২১ জুন কড়া নিরাপত্তার মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।







