নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন এখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে মঙ্গলবার আকস্মিক দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজধানীতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। মন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়েও সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও তাঁর অংশগ্রহণের কথা শোনা যাচ্ছে, যদিও সেই বৈঠকের বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে। দিনের শুরুতে তিনি সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে ‘জনতার দরবার’ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর যাবেন তারকেশ্বরে। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন। আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলা সফর নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তারকেশ্বরে প্রধানমন্ত্রীর একটি জনসভার সম্ভাবনা রয়েছে, সেই সভাস্থলও মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে পারেন। সেখান থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
প্রসঙ্গত, গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি জিতে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেন। সেদিনই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান।
সোমবার লোকভবনে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪০। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়াও আরও ৩ জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যপাল আর এন রবি সকলকে শপথবাক্য পাঠ করান। যদিও সোমবারই দপ্তর বণ্টনের সম্ভাবনা ছিল, তা হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।







