কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অনেকটাই আগেই তলানিতে ঠেকেছিল। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকেও কার্যত নিজেদের দূরে সরিয়ে নিল এম কে স্ট্যালিনের ডিএমকে। আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে অংশ নেবে না তামিলনাড়ুর এই দল। ডিএমকের স্পষ্ট বক্তব্য, কংগ্রেস উপস্থিত থাকবে এমন কোনও বৈঠকে তারা যোগ দেবে না।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিরোধী রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এসেছে। অভিনেতা বিজয়ের দল ১০৮টি আসন জিতে বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর মাত্র ৫টি আসন পাওয়া কংগ্রেস ডিএমকের সঙ্গ ত্যাগ করে শর্তসাপেক্ষে বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের আগে জোটের সুবিধা নিলেও ফল ঘোষণার পর কংগ্রেস একতরফাভাবে অবস্থান বদলে ফেলে বলে অভিযোগ ডিএমকের। এমনকি এ বিষয়ে স্ট্যালিনের দলের সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে তারা।
এই অসন্তোষের জেরেই লোকসভায় কংগ্রেসের পাশে বসতে আপত্তি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন ডিএমকে সাংসদরা। ফলে ৮ জুনের বৈঠকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দল জানিয়ে দেয়, যেখানে কংগ্রেস বা টিভিকে থাকবে, সেখানে তারা উপস্থিত থাকবে না।
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে ডিএমকেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল। কংগ্রেসও বোঝানোর চেষ্টা করে যে, কেরলে সিপিএম ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়লেও দিল্লিতে বিজেপি-বিরোধী রাজনীতিতে একসঙ্গে কাজ করে। একই মডেল তামিলনাড়ুতেও কার্যকর হতে পারে বলে মত দেয় তারা। কিন্তু সেই যুক্তিতে রাজি হয়নি স্ট্যালিনের দল।
ডিএমকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর ইন্ডিয়া জোটের অংশ হিসেবে নিজেদের দেখছে না। কংগ্রেসের উপস্থিতিতে কোনও যৌথ কর্মসূচিতে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা। লোকসভায় ডিএমকের ২২ জন সাংসদ রয়েছে, পাশাপাশি রাজ্যসভাতেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি আছে। বিশেষ করে আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিএমকের সমর্থন বিরোধী শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে তাদের সরে যাওয়া জোটের শক্তি কিছুটা হলেও কমিয়ে দিল বলেই মনে করা হচ্ছে।







