টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোরালো হয়েছে বিয়ের জল্পনা। বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই তাঁর বিয়ের সানাই বাজতে পারে। শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই নাকি বসবে মিমির রাজকীয় বিয়ের আসর।
তবে মিমির হবু জীবনসঙ্গী কে, তা নিয়েই অনুরাগীদের আগ্রহ সবচেয়ে বেশি। সূত্রের খবর, পাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি পেশায় একজন নৌসেনা আধিকারিক, নাম সিদ্ধার্থ। ইতিমধ্যেই নাকি বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মিমি কিংবা তাঁর হবু বর—কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অভিনেত্রীর আপ্তসহায়কও বিয়ের খবর নিশ্চিত করেননি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমির কয়েকটি মন্তব্য নতুন করে এই জল্পনায় ইন্ধন জুগিয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর কেরিয়ারের শুরু মডেলিং দিয়ে। এরপর ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুঁপে’ চরিত্রে অভিনয় করে রাতারাতি বাঙালি দর্শকের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’-র মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন মিমি। একের পর এক সাফল্যের হাত ধরে টলিউডে নিজের জায়গা আরও শক্ত করেছেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ততা তুঙ্গে। আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি আরও একটি নতুন ছবির কাজ নিয়েও প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী।
কেরিয়ারের ব্যস্ততার মাঝেই এবার মিমির বিয়ের খবর ঘিরে সরগরম টলিপাড়া। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই অনুরাগীদের অপেক্ষা, কবে মিমি নিজেই মুখ খুলে তাঁর জীবনের এই বিশেষ খবরটি প্রকাশ্যে আনবেন।







