ফোর্স ফ্রাঞ্চাইজের অন্যান্য সিনেমায় জন আব্রাহামকে দেখা গিয়েছে ভরপুর অ্যাকশন মুডে। সম্প্রতি নায়ক শেষ করেছেন রোহিত শেঠির পরিচালনায় রাকেশ মারিয়ার বায়োপিক শ্যুটিংয়ের কাজ। এবারই তিনি জোর কদমে কাজ শুরু করছেন ‘ফোর্স ৩’-এর। যেখানে প্রথমবার অভিনেতা জুটি বাঁধবেন এক দক্ষিণী তারকার সঙ্গে।
সম্প্রতি বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’-এর রাইটস কিনে নিয়েছেন অভিনেতা জন আব্রাহাম। এবার নায়ক চেয়েছেন গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে। যেই গল্পে দেখা যাবে দেশের সঙ্গে যুক্ত এক সম্পর্কিত ও শক্তিশালী দ্বন্দ্ব। এমনকি এই সিনেমার পরিচালনার দায়িত্ব নিয়েছেন দক্ষিণী পরিচালক ভাব ধুলিয়া। এবার প্রথমবার বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম দিকেই বড় পর্দা কাঁপাতে চলেছে এই সিনেমা।
‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’-এর মতো একাধিক জনপ্রিয় দক্ষিণী সিনেমায় দর্শক মহলের নজর কেড়েছেন অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। এবার জন আব্রাহামের সঙ্গে একই ফ্রেমে জমিয়ে অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। এই সিনেমার মাধ্যমেই বলিউড ছবিতে পথ চলা শুরু করতে চলেছেন অভিনেত্রী মীনাক্ষী। তবে এখন শুধু দেখার ‘ফোর্স ১’ ও ‘ফোর্স ২’-এর মতোই ‘ফোর্স ৩’মানুষের মনে জায়গা করে নিতে পারে কিনা।







