উৎসবের মরশুমে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপুজো-সহ বিভিন্ন গেজেটেড ছুটির সময়ে টানা সাত দিনের বেশি ডিউটি করা কর্মীরা এবার অতিরিক্ত ছুটির সুবিধা পাবেন। এই সুবিধা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সমস্ত স্তরের কর্মীদের জন্য প্রযোজ্য হবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী কর্মীরা মোট ১০ দিনের বিশেষ ছুটি ভোগ করতে পারবেন। এর মধ্যে ৮ দিন থাকবে ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি হিসেবে এবং রাজ্যপালের অনুমোদনে অতিরিক্ত ২ দিনের বিশেষ ছুটিও প্রদান করা হবে।
তবে এই ছুটি গ্রহণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। জানানো হয়েছে, প্রাপ্য ১০ দিনের ছুটি ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে। এছাড়া সাধারণ ক্যাজুয়াল লিভ (CL) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি বা স্থানীয় ছুটির সঙ্গে এই বিশেষ ছুটি একত্রে নেওয়া যাবে না।
রাজ্য সরকারের এই উদ্যোগে পুলিশ ও হোমগার্ড কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।







