দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। তামিল সিনেমার কিংবদন্তি পরিচালক ও অভিনেতা ভারতী রাজা আর নেই। বুধবার চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা।
ভারতিরাজার মৃত্যুতে শুধু তামিল চলচ্চিত্র জগত নয়, শোকস্তব্ধ গোটা ভারতীয় সিনেমা। তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, তিনি ছিলেন এমন এক স্রষ্টা যিনি তামিল সিনেমার গল্প বলার ধরনই বদলে দিয়েছিলেন।
সত্তরের দশকে ‘১৬ ভাইয়াথিনিলে’-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করে ভারতিরাজা শহরকেন্দ্রিক গল্পের বাইরে গ্রামীণ জীবনের বাস্তব চিত্রকে বড়পর্দায় তুলে আনেন। তাঁর ছবিতে ছিল মাটির গন্ধ, মানুষের আবেগ এবং সমাজের অজানা গল্প। সেই কারণেই তাঁকে তামিল সিনেমার ‘ট্রেন্ডসেটার’ বলে মনে করেন চলচ্চিত্রপ্রেমীরা।
দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে তিনি অসংখ্য কালজয়ী ছবি উপহার দিয়েছেন এবং বহু শিল্পীর কেরিয়ার গড়ে তুলেছেন। পরিচালক হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অভিনেতা হিসেবেও দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন।
ভারতিরাজার প্রয়াণে চলচ্চিত্র মহল থেকে শুরু করে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন— ভারতীয় সিনেমা হারাল এক যুগান্তকারী গল্পকারকে, কিন্তু তাঁর সৃষ্টি ও অবদান চিরকাল বেঁচে থাকবে দর্শকের মনে।







