নরেন্দ্র মোদী ২০২৫ সালের ২৫ জুলাই এক নতুন ইতিহাস রচনা করলেন। দেশের দ্বিতীয়-দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার ক্ষেত্রে তিনি পিছনে ফেললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এই দিনেই তাঁর দায়িত্বের মোট দিনসংখ্যা পৌঁছে গেল ৪,০৭৮ এ, যেখানে ইন্দিরা গান্ধী টানা প্রধানমন্ত্রী ছিলেন ৪,০৭৭ দিন (জানুয়ারি ১৯৬৬ থেকে মার্চ ১৯৭৭ পর্যন্ত)।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতির উচ্চমঞ্চে পদার্পণ করা মোদী, এখন পর্যন্ত রাজ্য ও কেন্দ্র মিলিয়ে প্রায় ২৪ বছর নির্বাচিত সরকার পরিচালনার বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময় ধরে জনমতের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিলেন না।
বর্তমানে তিনি যুক্তরাজ্য ও মালদ্বীপ সফরে রয়েছেন। স্বাধীন ভারতের পর জন্ম নেওয়া তিনিই প্রথম ব্যক্তি, যিনি দেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন। পাশাপাশি, তিনি কোনও অ-হিন্দিভাষী রাজ্য থেকে উঠে আসা দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্বে থাকা অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী। তিনিই একমাত্র অ-কংগ্রেস নেতা, যিনি লোকসভা নির্বাচনে নিজের নেতৃত্বে বারবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং দুটি পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করেছেন।
ইন্দিরা গান্ধীর পর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি পরপর দুই দফায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। এছাড়াও, তাঁর নেতৃত্বেই বিজেপি টানা তিনটি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে যা এর আগে কেবলমাত্র জওহরলাল নেহরু করে দেখাতে পেরেছিলেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনবার মোট ছয়টি বড় নির্বাচনে দলের মুখ হিসেবে মোদী জয় পেয়ে আসছেন ধারাবাহিকভাবে। এই সমস্ত কৃতিত্বই মোদীর রাজনৈতিক কেরিয়ারকে আরও দৃঢ়, স্থায়ী ও ব্যতিক্রমী করে তুলেছে।







