রাজনীতিরাজ্য

লাইব্রেরি থেকে মমতার বই সরানোর উদ্যোগ, সংস্কৃতি ফেরানোর বার্তা নতুন মন্ত্রীর

‘এপাং, ওপাং’, ‘হাম্বা হাম্বা’ কিংবা ‘টর্নেডো’— প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতাগুলি বহুবার জনচর্চার কেন্দ্রে এসেছে। সেই সঙ্গে তাঁর সাহিত্যকর্ম নিয়ে কম বিতর্কও হয়নি। তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন স্কুল ও গ্রন্থাগারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাখার নির্দেশ ঘিরেও রাজনৈতিক মহলে সমালোচনা দেখা গিয়েছিল। তৎকালীন বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল।

তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার রাজ্যের বিভিন্ন লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সরানোর পথে হাঁটছে বিজেপি সরকার। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের দায়িত্ব গ্রহণের পরই এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ।

দফতরের দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি তিনি অফিসে গিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বাতিল করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও অবদানের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, বাংলাকে সমৃদ্ধ করতে এবং আগামী প্রজন্মকে সঠিক সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে মনীষীদের সাহিত্যকেই অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর অভিযোগ, কর্মসংস্থানের অভাব, নারীদের নিরাপত্তাহীনতা এবং গণতান্ত্রিক পরিবেশের সংকট বাংলাকে পিছিয়ে দিয়েছে। তাই তিনি মনে করেন, গ্রন্থাগারগুলিতে এমন বই রাখা উচিত যা নতুন প্রজন্মকে ইতিবাচক মূল্যবোধ ও সমৃদ্ধ সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যাবে।

গৌরী শঙ্কর ঘোষের বক্তব্য, ভবিষ্যতে গ্রন্থাগারগুলিতে অপ্রয়োজনীয় বইয়ের পরিবর্তে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের রচনা স্থান পাবে। তাঁর মতে, এই সাহিত্যচর্চার মাধ্যমেই বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং আগামী প্রজন্ম একটি সমৃদ্ধ বাংলার নির্মাণে ভূমিকা নিতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.