প্রবীণ নাগরিকদের জন্য একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের ঘোষণা করল সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুবিধা এবং মেট্রো রেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর দাবি, দেশের উন্নয়নে প্রবীণদের অবদানকে সম্মান জানানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ। প্রস্তাব কার্যকর হলে বয়স্ক নাগরিকদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরিবারের প্রধান মহিলাকে মাসিক ২,৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বয়স্ক, বিধবা ও স্বামী-নিগৃহীতা ভাতাও আগের মতো চালু থাকবে।
প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লক্ষ করার পাশাপাশি মাসিক ভাতা ১,০০০ টাকা করার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভাতার পরিমাণ ও উপভোক্তার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
সরকারের এই ঘোষণাগুলি সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলে মনে করা হচ্ছে।







