রাজনীতি

যুব তৃণমূলের গ্রুপে সায়নী-ঝড়! ‘সই’ বিতর্কে ইস্তফার দাবি, নিখোঁজ সাংসদের খোঁজে পুরস্কার ঘোষণা

রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা সায়নী ঘোষ। দলের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একটি নথিতে সায়নীর স্বাক্ষর রয়েছে বলে দাবি করে তা গ্রুপে পোস্ট হওয়ার পর থেকেই জোরদার হয়েছে চাপানউতোর।

যুব তৃণমূলের একাংশের অভিযোগ, নির্বাচনের পর থেকে সাংগঠনিক কার্যকলাপে কার্যত অনুপস্থিত রয়েছেন সায়নী। সেই কারণেই দলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন একাধিক যুব নেতা। এমনকি, কেউ কেউ প্রকাশ্যেই দাবি করেন— যদি বিতর্কিত নথিতে থাকা স্বাক্ষর সত্যিই সায়নী ঘোষের হয়ে থাকে, তবে তাঁর পদত্যাগ করা উচিত।

বিতর্ক আরও এক ধাপ এগোয় যখন এক যুব নেতা গ্রুপে সায়নীর ‘খোঁজ’ দিতে পারলে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

একসময় দলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি যুব তৃণমূলের পুরনো কমিটি ভেঙে নতুন করে সংগঠনের দায়িত্বও তাঁর হাতেই তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁকে ঘিরে এই বিতর্ক দলের অন্দরে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার সামনে আসে কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের একটি তালিকা, যেখানে সায়নী ঘোষের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়। এরপরই যুব তৃণমূলের গ্রুপে প্রশ্ন ওঠে— তিনি আসলে কোন অবস্থানে রয়েছেন? দলের সঙ্গে, নাকি বিক্ষুব্ধ শিবিরের পাশে?

এদিকে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দেখা যায় সায়নী ঘোষকে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে যুব নেতা মৃত্যুঞ্জয় পাল প্রকাশ্যে দাবি করেন, সায়নী ঘোষের উচিত দ্রুত নিজের অবস্থান স্পষ্ট করা। তাঁর কথায়, “সংগঠনের দায়িত্ব যাঁর হাতে, তাঁকেই জানাতে হবে তিনি কার পাশে রয়েছেন।”

উল্লেখ্য, শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক কিছু পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। তবে যুব তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে সায়নী ঘোষকে ঘিরে জল্পনা ও বিতর্ক আপাতত থামার কোনও লক্ষণ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.