বিদেশ

দুবাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের পরিবারকে ২.৬ কোটি টাকার সহায়তা ডঃ শামসের ভায়ালিলের

দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন ভারতীয় নাগরিক। এছাড়াও আহত হয়েছেন আরও নয়জন। চলতি মাসের ৯ জুন ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী শিল্পপতি ও সমাজসেবী ডঃ শামসের ভায়ালিল। তিনি মোট ২.৬ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

দুবাইয়ের এমিরেটস রোডে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন বুর্জিল হোল্ডিংয়ের চেয়ারম্যান ও সিইও ডঃ শামসের ভায়ালিল। শুধু আর্থিক অনুদানই নয়, নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দুবাই যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত সাতজনের প্রত্যেক পরিবারের জন্য ২৬ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। আহত নয়জনের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে রাখা হয়েছে ৪৭ লক্ষ টাকা। পাশাপাশি পরিবারের সদস্যদের জরুরি ভিত্তিতে দুবাই যাতায়াত ও থাকার জন্য ১৮ লক্ষ টাকা এবং সন্তানদের শিক্ষার খরচের জন্য ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

সহায়তা প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সবচেয়ে বেশি উপকৃত হন সেই পরিবারগুলি, যাদের একমাত্র উপার্জনকারী সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছোট সন্তান থাকা পরিবারগুলিকেও।

দুর্ঘটনার দিন একটি সংস্থার কর্মীরা মিনিবাসে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মিনিবাসটি সজোরে ধাক্কা মারে। ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। মৃত ভারতীয়দের মধ্যে তিনজন উত্তর প্রদেশ ও তিনজন তেলঙ্গানার বাসিন্দা। আহতদের মধ্যে আটজন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ইতিমধ্যেই পাঁচজন আহত ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় যাতায়াতের ব্যবস্থা করতে সহায়তা করছে দুবাইস্থিত ভারতীয় কনস্যুলেট।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে ডঃ শামসের ভায়ালিল বলেন, “এই দুর্ঘটনা বহু পরিবারের জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে। কর্মসূত্রে বিদেশে আসা এই মানুষগুলোর প্রত্যেকেরই ছিল স্বপ্ন, আশা ও পরিবারের প্রতি দায়িত্ব। অর্থ দিয়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে এই সহায়তা শোকাহত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে বলে আমরা আশা করি।”

উল্লেখ্য, মানবিক উদ্যোগের জন্য এর আগেও প্রশংসিত হয়েছেন ডঃ শামসের ভায়ালিল। গত বছর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ও আহত মেডিক্যাল শিক্ষার্থীদের পরিবারগুলির জন্যও তিনি ৬ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.