পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। ভবিষ্যতে দিঘা রুটে সেমি-হাইস্পিড এই ট্রেন চালুর সম্ভাবনার কথা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ সম্পূর্ণ হলেই এই প্রকল্প বাস্তবায়নের পথ অনেকটাই সহজ হবে।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই রেল কর্তৃপক্ষ ডাবল লাইনের জন্য জমি চেয়ে আসছে। তবে অতীতে প্রয়োজনীয় জমি না মেলায় প্রকল্পের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, দেশের অন্যান্য উপকূলবর্তী শহরের সঙ্গে দ্রুত রেল যোগাযোগ গড়ে উঠলেও দিঘা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
দিঘা থেকে বন্দে ভারত চালুর পক্ষে সওয়াল করে তিনি বলেন, আধুনিক ও দ্রুতগতির ট্রেন পরিষেবা চালু করতে ডাবল রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি রেলমন্ত্রী ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন শুভেন্দু। এখন প্রকল্পের মূল চ্যালেঞ্জ জমি অধিগ্রহণ, যা সম্পন্ন হলে দিঘার সঙ্গে উন্নত রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হতে পারে।







