আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন হলেও দেশের সাধারণ মানুষের জন্য এখনও স্বস্তির খবর নেই। সোমবার (১৫ জুন) পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)। ফলে বিশ্ববাজারে তেলের দাম কমলেও তার প্রভাব এখনও দেশের খুচরো জ্বালানি বাজারে পড়েনি।
সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে চালু হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এর ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম দ্রুত নেমে এসেছে।
তবে ২৫ মে-র পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। অন্যদিকে দিল্লিতে পেট্রোল ১০২.১২ টাকা ও ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তার প্রভাব খুচরো বাজারে পড়তে কিছুটা সময় লাগে। কারণ, তেল বিপণন সংস্থাগুলিকে অতীতে উচ্চ মূল্যে অপরিশোধিত তেল কেনার চাপ বহন করতে হয়েছে। এছাড়াও কেন্দ্র ও রাজ্যের কর, পরিবহণ ব্যয়, ডলারের বিপরীতে টাকার মূল্য এবং অন্যান্য বাণিজ্যিক কারণ জ্বালানির চূড়ান্ত দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি দীর্ঘ সময় ধরে নিম্নমুখী থাকে, তাহলে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত অবশ্য দেশের চার মহানগরেই জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।







