সকাল থেকেই রোদের তেজ ও ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে দিনের দ্বিতীয়ার্ধে আবহাওয়ার বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিকেলের পর থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা।
অতিবৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনাও রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্ষা প্রবেশ করলেও পুরুলিয়ার কিছু অংশ এখনও মৌসুমি বায়ুর সম্পূর্ণ প্রভাবে আসেনি। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই পুরুলিয়া-সহ ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের বাকি অংশেও বর্ষার অগ্রগতি সম্পূর্ণ হবে।







