ফালাকাটা ব্লকের সাতপুকুরিয়া হাট পাঁচমাইল এলাকার উত্তর পারঙ্গেরপারে নিম্নবুনিয়াদি বিদ্যালয়কে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল, স্কুল চত্বরে রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ, মিড-ডে মিল রান্নাঘরের পাশে শৌচাগার এবং বিদ্যালয়ের মাঠ ব্যবহার করে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে স্কুল ভবনের একেবারে পাশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে তোলা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল রান্নাঘরের লাগোয়া এলাকায় মিষ্টির দোকান ও শৌচাগার নির্মিত হওয়ায় দুর্গন্ধে রান্নাঘর ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে একটি শ্রেণিকক্ষেই মিড-ডে মিল রান্নার ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপেশচন্দ্র সরকার জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও তৎকালীন পরিচালন কমিটিকে অবহিত করা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, বিষয়টি বেশি না ঘাঁটানোর পরামর্শও তাঁকে দেওয়া হয়েছিল।
স্থানীয়দের আরও অভিযোগ, বিদ্যালয়ের মাঠে নিয়মিত হাট বসানো, গাড়ি পার্কিং এবং কমিউনিটি টয়লেট ব্যবহারের মাধ্যমে অর্থ আদায় করা হলেও সেই অর্থ স্কুলের তহবিলে জমা পড়ে না। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় দাস। যদিও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফালাকাটা অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন।







