আবারো একবার নারীশক্তির ক্ষমতা দেখলো পশ্চিম মেদিনীপুরের নারায়গণগড় ব্লকের নাড়মা গ্রাম। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে, সাধারণ যাতায়াত তো দূর অস্ত, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কোনও যানবাহনের যাতায়াত দুর্বিষহ হয়ে ওঠে। দিনের পর দিন মাসের পর মাস দাবি করে গেলেও সুরাহার কোনো আলো দেখা যায়নি। অবশেষে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে রাস্তা কেনো সংস্কার হয়নি লেখা প্ল্যাকার্ড হাতে তার জবাবদিহি চাইতে হাজির হন হাজার হাজার মহিলা। এছাড়াও দেড় ঘণ্টা বিডিও পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের তালাবন্দি আটকে রাখেন তাঁরা।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে তালা খোলালেও বিক্ষোভকারীরা দাবি থেকে সরতে অস্বীকার করে। মহিলারা রীতিমতো বিডিও কে আক্রমণ করে জানতে চান কবে রাস্তা সংস্কার হবে। ভয়ে বিডিও দৌড়ে পালিয়ে গাড়িতে উঠলে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে বিডিও এর পিছনে দৌড় দেন। তাঁদের বক্তব্য, বহুদিন ধরেই তাঁরা শুনে আসছে হচ্ছে হবে কিন্তু একফোঁটা কাজও শুরু হয়নি,এদিকে পরিস্থিতি দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে তাই বাধ্য হয়ে শিবিরে এই বিক্ষোভ করেছেন।







