মালদার কালিয়াচকে টানটান উত্তেজনার রাত। প্রায় ৮ ঘণ্টা ঘেরাও করে রাখার পর মধ্যরাতে উদ্ধার করা হল জুডিশিয়াল অফিসারদের। নাম মুছে যাওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ বিবেচনাধীন ভোটারদের তীব্র বিক্ষোভে আটকে পড়েছিলেন তাঁরা।
সূত্রের খবর, গাড়ি আটকাতে বাঁশ ফেলা হয়, এমনকি ইঁটও ছোড়া হয় জুডিশিয়াল অফিসারদের গাড়িতে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ হস্তক্ষেপে বিক্ষোভ সরিয়ে তাঁদের বের করে আনা সম্ভব হয়।
আটকে ৮ ঘণ্টা: প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন
বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত টানা আটকে ছিলেন জুডিশিয়াল অফিসাররা। স্থানীয়দের অভিযোগ—এসআইআরের কাজে একাধিক ভোটারের নাম বাদ পড়ায় ক্ষোভ গিয়ে পড়ে অফিসারদের উপর।
কিন্তু এই ঘটনার পরেই উঠে আসছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ।
২৩ মার্চই মালদা জেলা প্রশাসনকে সম্ভাব্য গণ্ডগোলের আশঙ্কা জানিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা।
ঝুঁকি এড়াতে নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে DM অফিসে সরানোর আবেদন করেছিলেন তাঁরা।
১ এপ্রিলেও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আলাদা করে সতর্ক করেছিলেন।
তবুও কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের আঙুল তুলছেন বহু বিশেষজ্ঞ।
কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ব্যবহারে দেরি
রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও,
শুরু থেকেই কেন তাঁদের কাজে লাগানো হল না — তা নিয়েও প্রশ্ন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলা ও অবরোধের মুখে পড়তে হয়—এটিও উদ্বেগ বাড়াচ্ছে।
বিশেষজ্ঞদের মতে,
“সময়ে হস্তক্ষেপ হলে পরিস্থিতি এতটাই ভয়াবহ হত না।”
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে প্রশ্ন রয়ে গেল
রাত গভীর হওয়ার পর অবরোধ মুক্ত হলেও জেলা প্রশাসনের ব্যর্থতা নিয়ে তীব্র বিতর্ক চলছে।
আইনশৃঙ্খলার এমন দুর্বল চিত্রে ভোটের মুখে চাপে পুলিশ–প্রশাসন।







