জেলা

প্রেমঘটিত টানাপোড়েনের জেরে নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

কল্যাণী পুরসভা এলাকার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কে দীর্ঘদিনের অশান্তি এবং মানসিক চাপের জেরেই ওই কিশোরী চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে বাড়ির একটি অংশে অচৈতন্য অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে নাবালিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অভিযোগ, ঘটনার দিন বিকেলে দু’জনের মধ্যে ফোনে বচসা হয় এবং ওই যুবক নাবালিকাকে অপমানজনক ভাষায় কথা বলেন। এর আগেও তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

পরিবারের আরও দাবি, ঘটনার সময় নাবালিকার মোবাইলে একটি ভিডিও কল চলছিল। সেই কলের অপরপ্রান্তে কে ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.