তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবার নতুন অস্বস্তি কালীঘাটে। বাড়ি খালি করার নোটিসের পর এবার মেট্রোপলিটন তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে বাড়ির মালিকের উদ্যোগে। ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের দাবি, ভবনের বাইরে লাগানো দলীয় প্রতীক-সহ ব্যানার ও হোর্ডিং খুলে ফেলা হয়েছে। যদিও দলীয় কার্যালয়ের অস্তিত্ব বোঝাতে কর্মীরা অস্থায়ীভাবে একটি ফ্লেক্স ঝুলিয়েছেন। এর আগে একাধিকবার বাড়ির মালিকের তরফে দলকে জায়গা খালি করার নোটিস পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই দলের ভিতরে ভাঙনের ইঙ্গিতও সামনে আসছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ ছেড়েছেন একাধিক নেতা। আবার বিক্ষুব্ধ শিবিরের বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে তৃণমূলের কয়েকজন পরিচিত মুখকে। ফলে শাসকদলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, দিল্লিতে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে লোকসভার স্পিকারের কাছে একগুচ্ছ পিটিশন জমা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেই রাজনৈতিক লড়াইয়ের মাঝেই কলকাতায় দলীয় কার্যালয়ের হোর্ডিং অপসারণের ঘটনা শাসকদলের জন্য অস্বস্তি আরও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
একদিকে সাংগঠনিক অস্থিরতা, অন্যদিকে দলীয় কার্যালয় ঘিরে এই বিতর্ক— সব মিলিয়ে কালীঘাটে চাপ যে বাড়ছে, তা নিয়ে আর কোনও সংশয় নেই।







