ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলা। আর মাত্র কয়েকটা প্রহর, তারপরই হাওড়া স্টেশন থেকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস’। সেমি-হাইস্পিড ট্রেনের জগতে এটিই ভারতের প্রথম শয্যাবিশিষ্ট সংস্করণ, যা দীর্ঘ সফরের সংজ্ঞাই বদলে দিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই অত্যাধুনিক ট্রেনের শুভ উদ্বোধন করবেন।
ইতিমধ্যেই রেলের তরফে ভাড়ার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই ট্রেনে সফরের পরিকল্পনা করেন, তবে জেনে নিন আপনার পকেটের ওপর কতটা চাপ পড়বে। বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া মূলত ৪০০ কিলোমিটারের ন্যূনতম দূরত্বের ওপর ভিত্তি করে ঠিক করা হয়েছে। ট্রেনটিতে মোট ১৮টি কামরা রয়েছে, যেখানে একসাথে ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিটি ভাড়ার সাথে ক্যাটারিং বা খাবারের খরচ যুক্ত রয়েছে, তবে এর ওপর আরও ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
এক নজরে দেখে নেওয়া যাক প্রধান স্টেশনগুলোর ভাড়ার হিসেব:
১. হাওড়া থেকে মালদা টাউন (৩২৪ কিমি):
প্রথম এসি (1AC): ১৫২০ টাকা
দ্বিতীয় এসি (2AC): ১২৪০ টাকা
তৃতীয় এসি (3AC): ৯৬০ টাকা
২. হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (৫৫৬ কিমি):
প্রথম এসি (1AC): ২১১৩ টাকা
দ্বিতীয় এসি (2AC): ১৭২৪ টাকা
তৃতীয় এসি (3AC): ১৩৩৪ টাকা
৩. হাওড়া থেকে কামাখ্যা/গুয়াহাটি (৯৫৮ কিমি):
প্রথম এসি (1AC): ৩৬৪০ টাকা
দ্বিতীয় এসি (2AC): ২৯৭০ টাকা
তৃতীয় এসি (3AC): ২২৯৯ টাকা
আজ, ১৭ জানুয়ারি উদ্বোধনী যাত্রায় বিশেষ ট্রেনটি (নম্বর ০২০৭৫) দুপুর ১টা ১৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে রাত ১১টা ১৫ মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছাবে। পথে এটি নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার এবং রঙিয়া সহ মোট সাতটি স্টেশনে দাঁড়াবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি হলেও, আপাতত নিরাপত্তার খাতিরে এটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে চলবে। আধুনিক অন্দরসজ্জা আর গতির মেলবন্ধনে এই ট্রেনটি উত্তরবঙ্গ এবং অসমের পর্যটনে এক নতুন জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে।
সাধারণ বন্দে ভারতের মতো কেবল চেয়ার কার নয়, এতে থাকছে আরামদায়ক স্লিপার বার্থ।আজ দুপুর ১টা ১৫ মিনিটে মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে প্রথম সফর শুরু হচ্ছে। ভাড়ার সাথে খাবারের দামও ধরা আছে, আলাদা করে জিএসটি দিতে হবে। এনজেপি, নিউ কোচবিহার এবং কামাখ্যা সহ রুটের প্রধান শহরগুলোতে এই ট্রেন থামবে।







