দেশ

রাজ্যসভার মেয়াদ শেষ, মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা জর্জ কুরিয়েনের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে রাষ্ট্রপতি সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী সেই পদত্যাগ গ্রহণ করেছেন বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যসভার সদস্য হিসেবে জর্জ কুরিয়েনের ছয় বছরের মেয়াদ শেষ হয়েছে। বিজেপি তাঁকে পুনরায় রাজ্যসভায় মনোনয়ন না দেওয়ায় তাঁর মন্ত্রিত্ব বজায় রাখা সম্ভব হয়নি। এর পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

৬৫ বছর বয়সী জর্জ কুরিয়েন কেরলের কোট্টায়ামের বাসিন্দা। পেশায় আইনজীবী হলেও দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮০ সালে দল গঠনের সময় থেকেই তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। কেরল বিজেপির সহ-সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় যুব মোর্চার জাতীয় সম্পাদক এবং দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেরল সফরের সময় তাঁদের বক্তব্য মালয়ালম ভাষায় অনুবাদ করতে দেখা যেত কুরিয়েনকে। ২০২৪ সালে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২০১৬ সালের কেরল বিধানসভা নির্বাচনে পুথুপল্লী কেন্দ্র থেকে কংগ্রেস নেতা তথা তৎকালীন মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি তিনি। এছাড়া ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে বিজেপির প্রবীণ নেতা ও. রাজাগোপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও কাজ করেছিলেন।

রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর নতুন মনোনয়ন না মেলায় জর্জ কুরিয়েনের এই পদত্যাগকে কেন্দ্রীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.