রাজ্যজুড়ে পড়ুয়াশূন্য হয়ে পড়া স্কুলগুলি বন্ধ করার প্রক্রিয়া শুরু হতেই সামনে আসছে শিক্ষাক্ষেত্রের এক করুণ বাস্তবতা। সবচেয়ে সংকটজনক পরিস্থিতি জুনিয়র হাই স্কুলগুলির। মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হওয়া এই স্কুলগুলিতে পড়ুয়ার অভাবে তৈরি হয়েছে গভীর সঙ্কট। শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর ২০১০ সাল থেকে রাজ্যে বহু জুনিয়র হাই স্কুল গড়ে উঠলেও, তার আগে থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান চালু ছিল। তারই উদাহরণ হুগলির হরিপাল ব্লকের ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চিত্রশালী জুনিয়র হাই স্কুল।
অভিযোগ, ২০১৯ সালে জুনিয়র প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণি যুক্ত হওয়ার পর থেকেই এই স্কুলগুলির প্রতি আগ্রহ কমতে শুরু করে। কারণ, জুনিয়র হাই স্কুলে মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। অষ্টম শ্রেণি পেরোনোর পর ফের অন্য স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজন হওয়ায় অভিভাবকদের একাংশ এই স্কুলগুলি থেকে মুখ ফিরিয়ে নেন।
এর উপর করোনাকাল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চিত্রশালী জুনিয়র হাই স্কুলের শিক্ষক তুষার বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৮ সালের পর থেকেই পড়ুয়ার সংখ্যা দ্রুত কমতে থাকে। করোনা পরবর্তী সময়ে সেই সংখ্যা আরও কমে একসময় মাত্র ৩-৪ জনে এসে ঠেকে। বর্তমানে স্কুলে চারজন শিক্ষক থাকলেও কোনও পড়ুয়া নেই। ছাত্রছাত্রী ফেরাতে শিক্ষকরা এলাকায় এলাকায় ঘুরেও কোনও সাফল্য পাননি। হুগলিতে এমন আরও ৭-৮টি জুনিয়র হাই স্কুল রয়েছে, যেখানে বর্তমানে একজনও পড়ুয়া নেই বলে জানা যাচ্ছে।
প্রায় একই পরিস্থিতি আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাই স্কুলেও। স্কুলের শিক্ষক সুকীর্তি গুপ্ত জানান, ২০১১ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে তিনি সেখানে বদলি হয়ে যান। সেই সময়ও পড়ুয়ার সংখ্যা ছিল খুবই কম। পরে একসময় ৬০ জন পড়ুয়া ভর্তি হলেও ধীরে ধীরে সেই সংখ্যা কমতে কমতে শূন্যে এসে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি এবং একজন গ্রুপ ডি কর্মী নিয়মিত স্কুলে আসছেন।
শুধু হুগলি বা আরামবাগ নয়, কলকাতাতেও একই ছবি দেখা যাচ্ছে। নাকতলা ভারতী স্কুল প্রায় চার বছর আগে পড়ুয়াশূন্য হয়ে যায়। তৎকালীন শিক্ষিকা উমা সরকার জানান, স্কুলে ২২ জন পড়ুয়া জোগাড় করার চেষ্টা করেও প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে উমাদেবী-সহ শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হয়। ফলে রাজ্যের একাধিক জুনিয়র হাই স্কুলের ভবিষ্যৎ এখন কার্যত অনিশ্চিত।







