শিক্ষা

NEET UG-এ বড় বদল, আগামী বছর থেকে সম্পূর্ণ অনলাইন পরীক্ষা; পুনরায় পরীক্ষা ২১ জুন

জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG-তে বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী বছর থেকে NEET UG সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক পরীক্ষায় রূপান্তরিত হবে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের দাবি।

মন্ত্রী জানান, গত ৩ মে নিট ইউজি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে ৭ মে একটি তথাকথিত ‘গেস পেপার’ ঘিরে সন্দেহ তৈরি হয়। অভিযোগ ওঠে, ওই প্রশ্নপত্রের সঙ্গে মূল পরীক্ষার একাধিক প্রশ্নের হুবহু মিল রয়েছে। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থাগুলি। কয়েকদিনের তদন্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা মিলতেই ১২ মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। পরীক্ষার্থীদের ১৪ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি ফেরত দেওয়া হবে এবং পুনরায় পরীক্ষার জন্য কোনও অতিরিক্ত অর্থ নেওয়া হবে না।

Central Bureau of Investigation-কে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, পরিশ্রমী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে কোনও ‘মাফিয়া’কে ছাড় দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষার এক সপ্তাহ আগে পছন্দের পরীক্ষাকেন্দ্রের শহর বেছে নেওয়ার সুযোগও দেওয়া হবে। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে যাতায়াত সংক্রান্ত ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী স্বীকার করেন, Radhakrishnan Committee-র সুপারিশ কার্যকর হলেও নিরাপত্তায় কিছু ফাঁক রয়ে গিয়েছিল। ভবিষ্যতে ‘শূন্য-ভুল’ পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতেই এবার প্রযুক্তিনির্ভর কড়া সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.