পশ্চিমবঙ্গের শিক্ষা দুনিয়ায় নতুন অধ্যায় শুরু। এই প্রথমবার সেপ্টেম্বর মাসে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকেই শুরু হল প্রথম সিমেস্টারের পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী। গতবার বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। অর্থাৎ, সংখ্যাটা বেড়েছে দেড় লক্ষেরও বেশি।
পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়, চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। সারা রাজ্যে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। গতবার এই সংখ্যা ছিল ১৩৬।
নিরাপত্তার ব্যবস্থাও একেবারে আঁটোসাঁটো। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কেন্দ্রের প্রবেশদ্বার থেকে পরীক্ষা হল— সর্বত্র নজরদারির ব্যবস্থা। পাশাপাশি মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিক যন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। থাকবে মেটাল ডিটেক্টরও।
এ বছর আরও বড় পরিবর্তন— প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে ওএমআর শিটে, সব প্রশ্নই MCQ। মেশিনের মাধ্যমে হবে মূল্যায়ন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের OMR শিট দেখতে পারবেন।
জাতীয় শিক্ষানীতির নির্দেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমকে মোট চারটি সিমেস্টারে ভাগ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুযায়ী এ বছর থেকেই শুরু হয়েছে নতুন ব্যবস্থা। ফলে মাধ্যমিক পেরোনোর পর থেকে বার্ষিক পরীক্ষার পরিবর্তে সিমেস্টার পদ্ধতিতেই অভ্যস্ত হয়ে উঠছেন পড়ুয়ারা।
আজকের পরীক্ষা একাদশ-দ্বাদশের নিরিখে তৃতীয় সিমেস্টার, আর দ্বাদশের নিরিখে প্রথম সিমেস্টার। দ্বিতীয় সিমেস্টার অনুষ্ঠিত হবে আগামী বছর।
নতুন পরীক্ষাপদ্ধতির সূচনায় রাজ্য জুড়ে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহের পাশাপাশি তৈরি হয়েছে কৌতূহলও।







