ক্রিকেটমহলে হঠাৎ করেই তৈরি হচ্ছে এক তীব্র বিতর্ক। প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতকে নিয়ে এক বিস্ফোরক দাবি করছেন। তাঁর অভিযোগ, আইসিসি-র পক্ষ থেকে এমন নির্দেশ ছিল যে ‘স্লো ওভার রেটের কারণে ভারতকে জরিমানা করা যাবে না’। ক্রিস ব্রডের দাবি, ভারতের কাছে প্রচুর অর্থ রয়েছে এবং তারা গোটা আইসিসিকে কার্যত ‘দখল’ করে ফেলেছে।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড দীর্ঘদিন ম্যাচ রেফারির দায়িত্ব সামলান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আইসিসি এবং ভারতের বিরুদ্ধে তোপ দেগেছেন। ক্রিস ব্রডের দাবি, অনেক ম্যাচে দেখা যেত ভারত নির্ধারিত সময়ের থেকে তিন-চার ওভার পিছিয়ে রয়েছে। কিন্তু তখনই তিনি ফোন পেতেন, যেখানে স্পষ্ট করে বলা হতো, “একটু নরমসরম হও। এটা ভারতীয় দল। পরের ম্যাচেও আবার সেই একই ঘটনা।” ব্রড তাঁর এই মন্তব্যে মূলত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বের সময়কেই নিশানা করছেন এবং বলছেন যে মন্থর ওভার রেট থাকলেও সৌরভ নাকি ইনিংস শেষের জন্য মোটেই তাড়াহুড়ো করতেন না। ওই সাক্ষাৎকারে ক্রিস আরও বলছেন, “যতদিন আইসিসি আম্পায়ার ম্যানেজারের পদে ভিনস ভ্যান ডার বিজল ছিলেন, ততদিন পর্যন্ত আম্পায়াররা কিছু বলতে পারতেন। কিন্তু এখন ভারতের হাতে প্রচুর অর্থ। এখন আইসিসি-র বহু গুরুত্বপূর্ণ পদও ভারতীয়রাই দখল করেছে। আগের থেকে অনেক বেশি রাজনীতি ঢুকে গিয়েছে আইসিসি-তে।”
দীর্ঘদিন ম্যাচ রেফারির দায়িত্ব পালনের পর গত বছর ক্রিস ব্রড সরে দাঁড়ান। তখন তিনি দাবি করেছিলেন, আইসিসি তাঁর কার্যকালের মেয়াদ বাড়াতে রাজি হয়নি বলেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে এখন তিনি বলছেন, ম্যাচ রেফারির পদ থেকে সরে গিয়েই তিনি দিব্যি রয়েছেন। সবমিলিয়ে তাঁর এই মন্তব্য ক্রিকেটমহলে বড়সড় বিতর্কের সৃষ্টি করেছে।







