কলকাতা: “বাংলা ফিরে এসেছে, দুর্দান্তভাবে ফিরে এসেছে।” তাজ বেঙ্গলে আয়োজিত ‘বিকশিত বাংলার সূচনা’ অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে আবারও শিল্প, ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে বড় শিল্পগোষ্ঠীগুলির বিনিয়োগের আগ্রহ বাড়তে শুরু করেছে।
শুক্রবার কলকাতার তাজ বেঙ্গলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে উন্নয়নের ব্যবধান কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্ট প্রতিনিধিরা।
কলকাতার উন্নয়নই শিল্পোন্নয়নের চাবিকাঠি
সঞ্জীব সান্যাল বলেন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ আনতে হলে প্রথমেই কলকাতার শিল্প ও ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করতে হবে। তাঁর মতে, শিল্পের জন্য প্রয়োজনীয় জমি, শিল্প-বাণিজ্য সংক্রান্ত নীতির সংস্কার এবং বিনিয়োগবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “বাংলার ইতিহাস শিল্প ও বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক বাঙালির মধ্যেই ব্যবসায়িক মানসিকতা রয়েছে। সেই ঐতিহ্য ও আত্মবিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে হবে। বিকশিত ভারতের পথে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
‘ভুল হলে নির্ভয়ে বলুন’
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য শিল্প ও ব্যবসার জন্য স্বচ্ছ এবং ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা। তাঁর কথায়, “আমরা এমন পরিবেশ তৈরি করেছি যেখানে কোনও শিল্পপতি বা বিনিয়োগকারী মনে করলে সরাসরি আমাদের জানাতে পারবেন কোথায় ভুল হচ্ছে বা কী পরিবর্তন দরকার। এই খোলামেলা পরিবেশের অভাবই এতদিন পশ্চিমবঙ্গের বড় বাধা ছিল।”
এরপরই তিনি বলেন, “Bengal is back, back with a bang.” তাঁর দাবি, পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাংলার দিকে।
একাধিক বড় বিনিয়োগের ঘোষণা
সরকারি সূত্রে দাবি, ইতিমধ্যেই রাজ্যে একাধিক বড় বিনিয়োগের প্রস্তাব এসেছে।
এল অ্যান্ড টি ডেটা সেন্টার নির্মাণ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের পরিকল্পনা ঘোষণা করেছে।
হলদিয়া পেট্রোকেমিক্যালসে নতুন বিনিয়োগের কথাও জানানো হয়েছে।
বার্জার পেন্টস ৬০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
পিয়ারলেস গোষ্ঠী ২০২৭ সালের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে ৬০০ কোটি টাকা এবং ২০২৯ সালের মধ্যে আবাসন ও শপিং মল প্রকল্পে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।
‘অতীতের গৌরব ফিরিয়ে
ভবিষ্যতের অর্থনীতি গড়াই লক্ষ্য’ শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “এক সময় পশ্চিমবঙ্গ ছিল দেশের শিল্প ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। কলকাতা ছিল দেশের অন্যতম প্রধান বন্দর, অর্থনৈতিক ও উৎপাদন কেন্দ্র। আমাদের লক্ষ্য শুধু সেই অতীতের গৌরব ফিরিয়ে আনা নয়, আগামী দিনের অর্থনীতির শক্ত ভিত তৈরি করা।”
রাজ্য সরকারের দাবি, শিল্পবান্ধব নীতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং নতুন বিনিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গকে আবার দেশের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এগোচ্ছে সরকার।







